logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর

ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী ও জিয়াউল আহসান। ছবি: কোলাজ

বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করেছেন তৎকালীন কর্নেল জিয়াউল আহসান (বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল)। আদালতকে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান রাষ্ট্র বনাম মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি চাঞ্চল্যকর এ তথ্য দেন। চিফ প্রসিকিউটর তার যুক্তিতে জিয়াউল আহসানের গুম-খুনের ফিরিস্তি তুলে ধরেন।

Advertisement

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তিনি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি সিলেট-২ আসনে দুবার সংসদ সদস্য ছিলেন। ইলিয়াস আলী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে গত ২১ জুন আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা গুমের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সেনাসদস্য ইমরুল কায়েস। তিনি ছিলেন জিয়াউল আহসানের রানার (বডিগার্ড)।

তার জবানবন্দি আদালতকে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ইমরুলের সাক্ষ্য অনুযায়ী ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে ইলিয়াস আলীকে অপহরণ করতে জিয়াউল আহসান র‌্যাবের অন্যান্য সদস্যসহ মহাখালী ফ্লাইওভারে কাছে অপেক্ষা করেন। পরে ইলিয়াস আলী সে রাতে ওই পথে না এলেও কিছু দিন পর ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করেন।

চিফ প্রসিকিউটর জানান, ‘ইমরুল বলেছেন, ‘২০১২ সালের ১৩ এপ্রিল র‌্যাব হেডকোয়ার্টার থেকে একটি মাইক্রোবাসে করে জিয়া স্যার এবং মেজর নওশাদ স্যার, স্কোয়াড্রন লিডার সাইফ স্যারসহ আমরা মহাখালী ফ্লাইওভারের দিকে যাই। কাকে গাড়িতে পিক করবে, তা আমি জানতাম না। জিয়া স্যার গাড়িতে বসে বিভিন্ন জায়গায় ফোন করছিলেন। টার্গেট কখন আসবে তা জানছেন। একটা পর্যায়ে জানেন যে টার্গেট আসবে না। পরে সেখান থেকে জিয়া স্যারকে বাসায় নামিয়ে দিই এবং স্যারকে বলে আমি পরের দিন থেকে ৯ দিনের ছুটিতে যাই। ছুটিতে থাকা অবস্থায় মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ইলিয়াস আলী নামক এক নেতাকে মহাখালী ব্রিজের ওখান থেকে অপহরণ করা হয়েছে।’

‘তিনি আরও বলেন, ৯ দিন ছুটি শেষে ২৩ এপ্রিল আমি আমার কর্মস্থলে যোগদান করি। এ সময় আমি র‌্যাব হেডকোয়ার্টারে বেশ থমথমে অবস্থা লক্ষ করি। অন্য সদস্যদের সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে অস্ত্রের ইন-আউট রেজিস্ট্রার ও সিসি ক্যামেরার ফুটেজ জিয়া স্যার নষ্ট করে ফেলেন। সাধারণত ফল-ইন বা রোল কল সকাল ৯টায় হতো (শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নিয়মিত প্যারেড বা উপস্থিতি যাচাইয়ের প্রক্রিয়া)। কিন্তু ১৮ এপ্রিল থেকে সকাল ৭টায় ফল-ইন বা রোল কল হতো। জিয়া স্যার পরপর কয়েক দিন ফল-ইনের সময় এসেছিলেন। একদিন জিয়া স্যার থাকা অবস্থায় ফোনে কোনো একজনের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় স্যারের ফোনে অন্য একটি কল আসে। তখন জিয়া স্যার ওই ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’ (প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক)। জিয়া স্যার তখন তারেক স্যারকে বলছিলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’

উপস্থাপনের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, এই রানার ইমরুল কায়েস একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজে শুনছেন যে জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকির যে ডায়ালগ, সেখানে দেয়ার ইজ অ্যা ক্লিয়ার অ্যাডমিশন (একটি স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে) যে তারা ইলিয়াস আলীকে গলফ (অপহরণের প্রতীকী শব্দ) করেছিলেন।

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সেই প্রমাণ পেয়েছি। তবে ধারণা করি, তিনি দেড়শোর বেশি মানুষকে হত্যা করেছেন।

জিয়াউল আহসান সামরিক বাহিনীতে দানব ছিলেন মন্তব্য করে আমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও রাষ্ট্রীয় মদদে তিনি অবর্ণনীয় অপরাধ করেছেন। তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। বিরোধী মত দমনে শেখ হাসিনার প্রধান অস্ত্র ছিলেন তিনি।

তখন জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত চায়।

তিনি আরও বলেন, পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলমান রয়েছে। পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সদস্যদের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।