২৫ বছর পূরণের আগে স্বেচ্ছায় পদত্যাগে পেনশন নয়

সরকারি চাকরিজীবীদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা পাওয়া যাবে না—হাইকোর্টের রায় বাতিল করে এমন বিধান বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত মনে করেন, ২৫ বছর বা নির্ধারিত সময়ের আগেই পেনশন ও অন্যান্য অবসর-সুবিধা পেলে অনেকে সরকারি চাকরি ছেড়ে দিতে পারেন এবং শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অঙ্গীকার দুর্বল হতে পারে।
সরকারি চাকরি সাময়িক কর্মসংস্থানের জন্য নয় উল্লেখ করে রায়ে আদালত বলেন, এটি একটি সুসংগঠিত পেশা। এখানে ধারাবাহিকতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক আনুগত্য গুরুত্বপূর্ণ।
এ-সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে।
এর আগে গত ১১ মার্চ বিচারপতি রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এ রায় দেন। গত বৃহস্পতিবার ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব মোরশেদ।
আপিল বিভাগ বলছেন, নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করেও যদি পূর্ণ পেনশন পাওয়া যায়। তাহলে কেউ কেউ সরকারি চাকরিকে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করে আগেভাগেই চাকরি ছেড়ে দিতে পারেন।
আরও বলা হয়, পেনশন সুবিধায় অকাল পদত্যাগের প্রবণতা বাড়তে পারে। জনবল পরিকল্পনা ব্যাহত হতে পারে। অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। সরকারি চাকরির শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
আদালতের মতে, ২৫ বছরের চাকরিকালের শর্ত একটি যৌক্তিক ও নীতিগত সিদ্ধান্ত। এর উদ্দেশ্য সরকারি চাকরিতে দীর্ঘমেয়াদি অঙ্গীকার, শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
জানা গেছে, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ (বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী) ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে তিনি এককালীন পেনশন ও আনুতোষিকের জন্য আবেদন করেন।
২০১৫ সালে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, পদত্যাগ করলে চাকরিকাল পেনশনের জন্য গণনাযোগ্য হবে না। মাহবুব মোরশেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।
এরপর তিনি ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন। ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট বিএসআরের বিধি-৩০০ (এ)-এর সংশ্লিষ্ট অংশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেন। একই সঙ্গে পেনশন-সংক্রান্ত চিঠিও বাতিল করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। সেই আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি-৩০০ (এ) অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে চাকরিকাল বাজেয়াপ্ত হবে। তবে বিধি-৩০০ (বি) অনুযায়ী, অন্য কোনো পেনশনযোগ্য সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করলে সেটি সাধারণ পদত্যাগ হিসেবে গণ্য হবে না।




