সড়ক-ফুটপাতে হকারদের দোকান বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

ঢাকার সড়ক ও ফুটপাতের জায়গায় হকারদের দোকান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শুনানিতে রিটকারী আইনজীবী রোকনুজ্জামান বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না। সিটি করপোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।
ফুটপাতে দোকান বসিয়ে টাকা আদায় করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। যদিও করপোরেশনের সম্পত্তি বিভাগ সম্প্রতি ঢাকার দুই সিটিতে সড়কের জায়গা হকারদের বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
