Advertisement

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ফের পেছাল

এশিয়া পোস্ট নিউজ
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ফের পেছাল
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ আপিল করেছেন। ফাইল ছবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের শুনানি পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানি মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট আপিলটির শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

আবুল কালাম আযাদের আইনজীবীদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১৩ বছর আগের রায়ের বিরুদ্ধে গত ৬ জুলাই আপিল করেন তিনি। আপিল করতে দীর্ঘ সময়ের বিলম্বের জন্য ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

আবুল কালাম আযাদের আপিলটি চেম্বার আদালত হয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। তার পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, মামলার পেপারবুক প্রস্তুত না থাকায় এবং আপিলকারী পক্ষ তার কপিও না দেওয়ায় রাষ্ট্রপক্ষ সময় চেয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

২০১৩ সালের ২১ জানুয়ারি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

ট্রাইব্যুনালের রায়ে তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হয়। এর মধ্যে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং চারটি অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় পৃথক কারাদণ্ডের সাজা আরোপ করা হয়নি।

দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। পরে তার করা আপিলের শুনানি শুরু হয়।