logo

রায়ের সময় দোয়া পড়ছিলেন সোহেল, কাঁদছিলেন স্বপ্না

রায়ের সময় দোয়া পড়ছিলেন সোহেল, কাঁদছিলেন স্বপ্না
Ramisa-death-penalty

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার সময় এক আবেগঘন পরিস্থিতির দেখা যায় আদালতে।

রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন যখন দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছিলেন, তখন কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন সোহেল। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না ছিলেন পুরোপুরি নির্বাক, তবে তার চোখ বেয়ে পড়ছিল অশ্রু।

দুই আসামির ফাঁসির রায় শুনে সেখানে উপস্থিত আইনজীবীসহ অন্যরা তাৎক্ষণিকভাবে শুকরিয়া আদায় করেন।

এর আগে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল ৮টা ২৫ মিনিটে স্বপ্নাকে কাশিমপুর কারাগার এবং পৌনে ৯টার দিকে সোহেলকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। প্রথমে তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা পৌনে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় প্রথমে সোহেলকে এবং মিনিট দশেক পর স্বপ্নাকে এজলাসে তোলা হয়।

কাঠগড়ায় ওঠার পর থেকে সোহেল দোয়া পড়তে শুরু করেন, আর স্বপ্নাকে কাঁদতে দেখা যায়। বেলা ১১টায় বিচারক এজলাসে উঠে রায় পড়া শুরু করেন। তিনি আসামির জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যসহ রায়ের সারমর্ম পড়ে শোনানোর পর চূড়ান্ত আদেশ ঘোষণা করেন। রায়ের পরও সোহেলকে স্বাভাবিক দেখা গেলেও স্বপ্না নিজের কান্না ধরে রাখতে পারেননি।

এই রায়ে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামিপক্ষও সন্তোষ প্রকাশ করেছে। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, রায়ে শতভাগ খুশি। এই রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা—সেটা আমি পেয়েছি। ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমত ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রামিসার বাবা ন্যায়বিচার পেয়েছেন। আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহও রায়ে সন্তোষ জানিয়ে বলেন, আসামি সোহেল রানা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আত্মপক্ষ সমর্থনে নিজে দোষ স্বীকার করেন। রায়ে সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। ন্যায় বিচার পেয়েছি। অপরাধী অপরাধের বিচার পেয়েছে। আমি সন্তুষ্ট।