৪১ ডাবল-ডেকার স্লিপার বাসের নিবন্ধন স্থগিত: হাইকোর্টকে বিআরটিএ

সিঙ্গেল ডেকার থেকে অবৈধভাবে ডাবল-ডেকার স্লিপার কোচে রূপান্তর করা এমন ৪১টি বাসের রেজিস্ট্রেশন (নিবন্ধন) স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টকে আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপের কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের নির্দেশনার আলোকে বিআরটিএ গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিআরটিএর ইঞ্জিনিয়ারিং শাখার শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের এই তদন্ত কমিটি বুধবার (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনটি জমা দেয়।
অননুমোদিত স্লিপার এসি বাস চলাচলের বৈধতা নিয়ে ২০২৫ সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিটের শুনানি নিয়ে একই সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পর রিটকারী আরেকটি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত স্লিপার বাস নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল কমিটি গঠন করতে বলছিলেন। বিআরটিএ আদেশ রিসিভ করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছিল। এরপর টেকনিক্যাল কমিটি রিপোর্ট দেন।
এ কমিটি বিআরটিএ থেকে অনুমোদিত মোট ডাবল-কেয়ার স্লিপার বাসের সংখ্যা নির্ধারণ, অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা পর্যালোচনা এবং অনুমোদিত ডাবল-ডেকার স্লিপার বাস থাকলে আগামী ৬০ দিনের মধ্যে সব নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়ে কাজ করে।
সার্বিক পর্যালোচনায় কমিটি জানায়, বিআরটিএ থেকে আজ পর্যন্ত কোনো ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। বিআরটিএ থেকে সিঙ্গেল ডেকার বাস হিসেবে রেজিস্ট্রেশন গ্রহণ করে পরবর্তীতে কিছু সংখ্যক বাসের মালিক বাসের বডির ধরন ডাবল-ডেকার স্লিপার বাস হিসেবে রূপান্তর করে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক ও মহাসড়কে চলাচলকৃত এমন বাসের বিরুদ্ধে আইনানুগদ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
