ভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু

ভার্চুয়াল শুনানির মাধ্যমে গত তিন সপ্তাহে অন্তত ৫২ শিশু জামিন পেয়েছে। এতে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের দূরবর্তী আদালতে হাজির করার ভোগান্তি কমার পাশাপাশি দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হচ্ছে।
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ দেশের ৩২ জেলার ৫৮টি শিশু আদালতের বিভিন্ন মামলার শিশুরা থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আদালতে নেওয়া এবং পুলিশি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এসকর্টের স্বল্পতাসহ নানা কারণে অনেক সময় শিশুদের আদালতে হাজির করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চলতি বছরের ৯ জুলাই সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি) কেন্দ্রটি পরিদর্শনকালে ভার্চুয়াল শুনানির গুরুত্ব তুলে ধরেন। এর ধারাবাহিকতায় ঢাকার শিশু আদালত-৮, শিশু আদালত-৫ ও ৬ এবং শেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, কক্সবাজার ও কুমিল্লার শিশু আদালতের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খানের নির্দেশনায় দুই প্রবেশন কর্মকর্তা আবু বকর সিদ্দিক মজুমদার ও শাকিল মাহমুদ সংশ্লিষ্ট আদালতগুলোর সঙ্গে সমন্বয় করে এসব শুনানি পরিচালনা করছেন।
কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন সপ্তাহে ভার্চুয়াল শুনানির মাধ্যমে অন্তত ৫২ জন শিশু জামিন পেয়েছে। এতে সময় ও সম্পদের সাশ্রয় হচ্ছে। পাশাপাশি জামিন পাওয়া শিশুদের পরিবারের কাছে ফিরে যাওয়া এবং সমাজে পুনর্বাসনের পথও সুগম হচ্ছে।
শিশুদের অধিকার সুরক্ষা, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় ভার্চুয়াল শুনানির এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
