প্রধান বিচারপতির সঙ্গে বার সভাপতির উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগ

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আপিল বিভাগে আর বিচারকাজ শুরু হয়নি। আপিল বিভাগ পুনরায় বসবে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শুনানি চলাকালে মাহবুব উদ্দিন খোকন বলেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।
তার এমন মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন ও উচ্চবাচ্য শুরু হয়। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ এজলাস ছেড়ে চলে যান।
এর আগে মঙ্গলবার সকালে এক আইনজীবীকে জরিমানা করার ঘটনার প্রতিবাদ জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
এ ছাড়া দিনের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে একটি মামলার শুনানি চলাকালে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।
২০২৫ সালের ২৮ ডিসেম্বর দেশের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা, আইনজীবীদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি এবং নারী আইনজীবীদের জন্য আলাদা বেঞ্চ নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্তের কারণে তিনি দফায় দফায় আলোচনায় এসেছেন।
এ ঘটনার বিষয়ে প্রধান বিচারপতির পক্ষ থেকে বা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


