সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার ও গুলশান আরার ৭ দিনের রিমান্ড আবেদন

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার সাত দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ এ রিমান্ড আবেদন করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। দেবাশীষ বড়ুয়া ও গুলশান আরাকে আদালতে হাজির করা হয়েছে। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় তাদের এজলাসে তোলা হবে।
রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা নিজ বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
আবেদনে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান (অব.) আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। ‘কালআজকাল.কম’ নামে পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মতো কনটেন্ট প্রচার এবং ফেসবুক আইডির মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) গভীর রাতে রাজধানীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দেবাশীষ বড়ুয়া ও গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডিবির পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর মামলাটি দায়ের করেন।
