logo

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজনের জামিন নাকচ

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজনের জামিন নাকচ

রাজধানীর শাহবাগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অপর দুই আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

আদালতে ইমির পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মনির হোসেন, সৈকতের পক্ষে তরিকুল ইসলাম এবং আবদুল্লাহ আল মামুনের পক্ষে গোলাম রাব্বানী।

শুনানি শেষে আদালত তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আইনজীবী গোলাম রাব্বানী।

গত শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে গিয়ে আটক হন আসিফ আহমেদ। এর প্রতিবাদে সন্ধ্যার পর শাহবাগে রিকশায় মাইক টাঙিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজান ইমিসহ কয়েকজন। 

রাত ১০টার দিকে কয়েকজন এসে তাদের মাইক ও ব্যাটারি ভেঙে ফেলে। এ সময় আয়োজকরা বাধা দিলে হাতাহাতি হয়। হাতাহাতির পর ইমিসহ অন্যরা জাদুঘরের সামনেই থেকে যান। এর মধ্যে রাত সাড়ে ১০টার দিকে সেখানে যান ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

পরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের রিকশাটি টেনে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। এ সময় ইমির সঙ্গে থাকা মামুনকে ছাত্রলীগ তকমা দিয়ে টেনেহিঁচড়ে থানার ফটকে নিয়ে মারধর করা হয়। এরপর তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরদিন রোববার ইমিসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে শাহবাগ থানা পুলিশ।