logo

হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ তিনজনের তিন দিনের রিমান্ড

হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ তিনজনের তিন দিনের রিমান্ড

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন ও তার দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম আলোচিত এ মামলায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনজনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড হওয়া অপর দুজন হলেন—এমবি স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৩)।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য, তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার শ্যামলীতে কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

এতে মঈন উদ্দিনকে প্রধানের নাম উল্লেখ করে আরও সাত থেকে আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। মামলার পর মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক চারজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়া। চারজনই মামলার প্রধান আসামি মঈন উদ্দিনের সহযোগী।

এদিকে চাঁদাবাজির ঘটনার খবর গণমাধ্যমে আসার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সিকেডি হাসপাতালে যান। তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত শনিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার রাতে তারা ওই হাসপাতালে যান।

মো. কামরুল ইসলাম স্বল্প ব্যয়ে কিডনি প্রতিস্থাপন করেন। করোনা মহামারির সময় সরকারি-বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার প্রায় বন্ধ থাকলেও কিডনি প্রতিস্থাপন বন্ধ রাখেননি তিনি। এক হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন কামরুল ইসলাম।