logo

হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন

হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রথম আলোর ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে গত ৯ সেপ্টেম্বর জামিন দেন।

আদালতে কাজী হাবিবুল আওয়ালের পক্ষে ছিলেন— জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।

এর আগে গত ২৮ জুন জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত ৯ সেপ্টেম্বর রুল মঞ্জুর করে কাজী হাবিবুল আউয়ালকে জামিন দেন হাইকোর্ট।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।

মামলায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০১৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় হাবিবুল আউয়ালকে ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।