logo
Advertisement

জমির খতিয়ানে ভুল হলে কীভাবে সংশোধন করবেন, জানুন পুরো প্রক্রিয়া

এশিয়া পোস্ট ডেস্ক
জমির খতিয়ানে ভুল হলে কীভাবে সংশোধন করবেন, জানুন পুরো প্রক্রিয়া
জমির গুরুত্বপূর্ণ কাগজপত্রের এআই জেনারেটেড প্রতীকী ছবি।

জমির মালিকানা নিয়ে কোনো বিরোধ তৈরি হলে খতিয়ান বা রেকর্ডের তথ্য অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু খতিয়ানে নামের বানান, দাগ নম্বর, জমির পরিমাণ কিংবা মালিকানাসংক্রান্ত তথ্য ভুল থাকলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। এমনকি প্রকৃত মালিক ও দখলদার হওয়ার পরও খতিয়ানে অন্য কারও নাম থাকলে সমস্যায় পড়তে পারেন জমির মালিক।

Advertisement

তবে খতিয়ানে ভুল থাকলেই দুশ্চিন্তার কারণ নেই। ভুলের ধরন ও রেকর্ডের অবস্থার ওপর ভিত্তি করে তা সংশোধনের জন্য নির্দিষ্ট আইনগত ব্যবস্থা রয়েছে। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা বা সহকারী কমিশনার (ভূমি) খতিয়ানের করণিক ভুল সংশোধন করতে পারেন। আবার যথার্থ ভুল বা জরিপ-পরবর্তী কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে যেতে হতে পারে ভূমি আপিল বোর্ড বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। ভূমিসেবা পোর্টালের মাধ্যমে অনলাইনেও জমির খতিয়ানের ভুল সংশোধনে আবেদন করা যায়।

‘জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের উপায়’ বইয়ের প্রচ্ছদ। ছবি: এশিয়া পোস্ট
‘জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের উপায়’ বইয়ের প্রচ্ছদ। ছবি: এশিয়া পোস্ট

জমির রেকর্ড বা খতিয়ানে কী ধরনের ভুল হলে কোথায় আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে এবং সংশোধনে কত সময় লাগতে পারে, তা জেনে নিন।

খতিয়ানের করণিক ভুল কীভাবে সংশোধন করবেন

আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন চেয়ে তা ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দেওয়া হয়। এরপর শুনানি গ্রহণ ও দাখিল করা কাগজপত্র বিবেচনা করা হয়। কোনো আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট রেকর্ড সংশোধন করা হয়।

সেবার তথ্য

সেবা গ্রহণের সময়: ৩০ থেকে ৪৫ দিন

সেবা গ্রহণের ফি: ১০ টাকা

সেবা প্রদানের স্থান: সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী: সহকারী কমিশনার (ভূমি)

অনলাইনে রেকর্ড বা খতিয়ানে ভুল সংশোধনসংক্রান্ত ওয়েবসাইট:land.gov.bd

আপনার করণীয়

জমির প্রকৃত মালিক ও দখলদার হওয়ার পরও যদি খতিয়ানে আপনার মালিকানাধীন ও দখলীয় জমি অন্যের নামে লিপিবদ্ধ থাকে অথবা খতিয়ানে করণিক ভুল থাকে, তাহলে নির্দিষ্ট আইন ও বিধি অনুযায়ী তা সংশোধনের উদ্যোগ নিতে পারেন।

করণিক ভুল হলে

The State Acquisition and Tenancy Act, 1950-এর ১৪৩ ধারামতে এবং প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫-এর বিধি ২৩-এর উপবিধি (৩) অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল সংশোধন করতে পারেন সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা। বর্তমানে এ দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পালন করেন।

সহকারী কমিশনার (ভূমি) আবেদনের পরিপ্রেক্ষিতে অথবা প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫-এর ২২ বিধির উপবিধি (১) অনুযায়ী খতিয়ানে থাকা করণিক ভুল সংশোধনের জন্য প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন। এ সময় পূর্ববর্তী জরিপের কাগজপত্র, প্রাথমিক রাজস্ব বিবরণী, কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের কপি এবং ২ নম্বর রেজিস্ট্রার পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানও করা হয়।

এরপর করণিক ভুল সংশোধনের নির্দেশ দেওয়া হয়। কালেক্টর বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত খতিয়ান এবং ২ নম্বর রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী সংশোধনের নির্দেশ দেওয়া হলে সংশোধন লিপির কপি সংশ্লিষ্ট পক্ষকে দেওয়া হয়।

বইটি থেকে লেখার অংশ বিশেষ। ছবি: এশিয়া পোস্ট
বইটি থেকে লেখার অংশ বিশেষ। ছবি: এশিয়া পোস্ট

সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক বিবেচনাযোগ্য করণিক ভুলের মধ্যে রয়েছে নামের ভুল, অংশ বসানোর হিসাবে ভুল, দাগসূচিতে ভুল, ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল। এ ছাড়া জরিপকালে বাবার মৃত্যুর কারণে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও জরিপকারকদের ভুল বা অজ্ঞাত কারণে তা মূল প্রজা বা বাবার নামে রেকর্ড হওয়াও এর মধ্যে পড়ে।

এসব ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন পাঠানোর পর যার নামে খতিয়ানে ভুল নাম এসেছে বা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দেওয়া হয়। এরপর নির্ধারিত তারিখে উভয় পক্ষের শুনানি গ্রহণ করা হয়। দাখিল করা কাগজপত্র বিবেচনা করে কোনো আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়।

সংশোধিত আদেশ অনুযায়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন। এরপর কানুনগো প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন।

Duties of Revenue Officers: Clerical Mistake; Government of Bangladesh –vs- M. Anwar Hsain, 16-BLC (AD), Page: 155.

সংশোধনে কত সময় লাগে

সংশোধনের পুরো প্রক্রিয়া শেষ হতে সাধারণত ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে। সরকারিভাবে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে

  • সর্বশেষ নামজারি, সিএস, আরএস, এসএ, বিএস খতিয়ানের সত্যায়িত ফটোকপি বা সার্টিফাইড কপি
  • সংশ্লিষ্ট মৌজার এসএ ও বিএস মৌজা ম্যাপ
  • ওয়ারিশ সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে, যা অনধিক ৩ মাসের মধ্যে ইস্যু করা হতে হবে
  • মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি, প্রযোজ্য ক্ষেত্রে
  • সর্বশেষ জরিপের পর থেকে ভায়া বা পিট দলিল, প্রযোজ্য ক্ষেত্রে
  • ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলাপত্র
  • আদালতের রায়, আদেশ বা ডিক্রির সার্টিফাইড কপি
  • আদালতের রায়, আদেশ বা ডিক্রি থাকলে আরজির সার্টিফাইড কপি
  • বিএস জরিপের মাঠপরচা ও ডিপি খতিয়ান
  • নিজের পরিচয়পত্রের ফটোকপি ইত্যাদি

প্রতারণামূলক লিখনের মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের ক্ষেত্রেও নির্দিষ্ট আইনগত ব্যবস্থা রয়েছে। এ ধরনের আবেদন বা প্রতিবেদন পাওয়ার পর রাজস্ব কর্মকর্তা প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫-এর বিধি ২৩-এর উপবিধি (৪) অনুযায়ী রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবেন।

বইটি থেকে লেখার অংশ বিশেষ। ছবি: এশিয়া পোস্ট
বইটি থেকে লেখার অংশ বিশেষ। ছবি: এশিয়া পোস্ট

Duties of Revenue Officers: Bazlur Rahman Sarker –vs- Kamala Kanta Barmon, 59-DLR (AD), Page: 119.

খতিয়ান সংশোধনের জন্য ১১৫০ টাকা জমা দিয়ে ডিসিআর এবং সংশোধিত খতিয়ানের কপি উপজেলা বা সার্কেল ভূমি অফিস থেকে সংগ্রহ করা যাবে।

যথার্থ ভুল হলে কোথায় যেতে হবে

যথার্থ ভুল সংশোধন

The State Acquisition and Tenancy Act, 1950-এর ১৪৯ ধারার (৪) উপধারা অনুযায়ী Board of Land Administration যে কোনো সময় কোনো খতিয়ানে বা চূড়ান্তভাবে প্রকাশিত Settlement Rent-roll-এ থাকা যথার্থ ভুল সংশোধনের আদেশ দিতে পারেন।

তবে Board of Land Administration বর্তমানে বিলুপ্ত হওয়ায় এ ক্ষমতা সরকারের পাশাপাশি ভূমি আপিল বোর্ডের রয়েছে।

Revision: Board of Revenue; Ijjat Ali –vs- Golapjan Khatun, 21-DLR, Page: 25.

জরিপ-পরবর্তী খতিয়ানের ভুল

সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ানের বিষয়ে আদেশ প্রদানের এখতিয়ার রয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের। জরিপ-পরবর্তী স্বত্বলিপি গেজেটে চূড়ান্ত প্রকাশনার পর কোনো সংশোধনের দাবি থাকলে তা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার্য হতে পারে।

বইটি থেকে লেখার অংশ বিশেষ। ছবি: এশিয়া পোস্ট
বইটি থেকে লেখার অংশ বিশেষ। ছবি: এশিয়া পোস্ট

অর্থাৎ খতিয়ানে কী ধরনের ভুল হয়েছে, তার ওপর নির্ভর করে সংশোধনের পদ্ধতিও আলাদা। করণিক ভুল, যথার্থ ভুল এবং জরিপ-পরবর্তী খতিয়ানের ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

লেখকের পরিচয়

সাইফুল ইসলাম ফকির

এলএলবি, এলএলএম

এমএ (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা) ঢাকা বিশ্ববিদ্যালয়