প্রধানমন্ত্রীর স্ত্রী ও দুই কর্মকর্তার নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে করা মামলায় কারকান রানা নামে এক ব্যক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার কারকান রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রধানমন্ত্রীর এপিএস-২ ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে তৈরি একাধিক ফেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, অপরাধের মূল উদ্দেশ্য উদঘাটন, সহযোগী বা অপরাধ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কারকান রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে রোববার (২৩ আগস্ট) বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় কারকান রানার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।



