ট্রিপল মার্ডারের সেই মোতাহার জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর মৌচাক-মালিবাগে আলোচিত ‘ট্রিপল মার্ডার’ এর আসামি মোতাহারকে জুলাই হত্যা মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আসামি মোতাহারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন ও জুলাই আন্দোলনের অর্থদাতা হিসেবে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
জুলাই আন্দোলনে মো. জসিম হত্যায় উত্তরা পশ্চিম থানার মামলায় এদিন দ্বিতীয় দফার ৩ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ আসামির প্রথমে ৪ দিন ও পরে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, মোতাহার হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠজন। ৫ আগস্টের ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য তিনি অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদদীন সড়কের ঢাকা ব্যাংকের সামনে মো. জসিম গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে মারা যান। এ ঘটনায় জসিমের স্ত্রী মোছা. ফরিদা ২০২৪ সালের ১১ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। এ মামলার এজাহারে মোতাহার হোসেনকে ১৯৬ নম্বর আসামি করা হয়েছে।
