logo

কৃষককে হত্যার ১৯ বছর পর ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কৃষককে হত্যার ১৯ বছর পর ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আক্তার হোসেন আবেদীন নামে এক কৃষককে খুনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মোতালেব হোসেন ও রশিদ জামাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সবুজপুর গ্রামের আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ। 

এজাহার সূত্রে জানা যায়, আক্তার হোসেন আবেদীনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ২০০৭ সালের ২২ মে রাত সাাড়ে ৮টার দিকে সবুজপুর গ্রামের একটি মাদ্রাসার পাশে আবেদীনকে ডেকে নেন আসামিরা। সেখানে তাকে ছুরি দিয়ে আঘাত করে আসামিরা পালিয়ে যান। আবেদীনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাদী পক্ষের আইনজীবী দিদারুল ইসলাম দিদার জানান, ঘটনার পর কৃষকের ছেলে সাইফুল ইসলাম দেওয়ানগঞ্জ থানায় ৪ জনের নাম এবং ৩-৪ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার আসামি রশিদ জামাল ও খোরশেদ আলম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোতালেব হোসেন। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন খোরশেদ আলম।