ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রেজুয়ান হোসেন খান নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেজুয়ান হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় কারাভোগ করছিলেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের দোলেয়ার হোসেসের ছেলে।
কারারক্ষী মো. আজম জানান, রাত ১০টার দিকে রেজুয়ান হোসেন অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
