দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ

কারাগারে আটক সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে মুন্সীগঞ্জে কারাবন্দি ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষে আবেদনটি জমা দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
জানা গেছে, বুধবার দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। এদিন দুপুর ১২টার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক কারণে ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। চার দিনের প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে কারাগারে থাকা মা ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। একই সঙ্গে প্যারোলে মুক্তির বিষয়ে মায়ের পরামর্শ নেন তিনি।



