যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহী

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।
বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মামলার পর আজ আদালতে হাজির হন তানভীর রাহী। পরে তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত উভয়পক্ষের আপসের শর্তে ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে ফাহিমার সঙ্গে তানভীর রাহীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একটি ‘করোলা ক্রস’ গাড়ি কেনার জন্য ফাহিমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের টাকা চেয়ে ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ৯৯৯-এ ফোন করলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ ছাড়া গত ১ মার্চ রাত ৮টার দিকে আজিমপুর নিউ পল্টন লাইনে ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে আবারও ৫০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ফাহিমাকে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলেও মামলায় বলা হয়েছে।
পরে এ ঘটনায় ভুক্তভোগী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।