logo

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম
নির্বাচিত প্রতিনিধিরা। ছবি: এশিয়া পোস্ট

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মো. দিদারুল আলম। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।

শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে এসআরএফের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন—সহসভাপতি কালবেলার হেড অব নিউজ কবির হোসেন এবং যুগ্ম সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল।

এছাড়া কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন—চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার।

এসআরএফের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।