logo

বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট
হাইকোর্ট। ছবি: বাসস

মহাসড়কে স্লিপার বাস (শোয়া যায় এমন আসনের বাস) চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন আদালতে আবেদন করেছিল। তবে আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছেন।

আইনজীবী রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী কোনো যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য আইনের ৮৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।

আদালতের আদেশের বিষয়ে বিআরটিএর এই আইনজীবী বলেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলতে পারবে।

তিনি বলেন, স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর কোনো অনুমতি নেই। একই সঙ্গে হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি। ফলে প্রচলিত আইন ও বিধিবিধানের বাইরে স্লিপার বাস সড়কে চলাচলের সুযোগ নেই।