হাদী হত্যায় অভিযুক্ত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে আবেদন জানানো হয়।
দুদকের আবেদনটি মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিবেচনার জন্য উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার জাহান রুমি।
আবেদনে বলা হয়, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালীন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দেশটির কারাগারে আটক রয়েছেন।



