নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস।
রোববার (৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।
অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাস। বিচারের শুরু থেকেই তিনি পলাতক। বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি। তার পরিবর্তে দশ মাস ধরে জেল খাটছেন মো. আলমাস নামের আরেক ব্যক্তি।
হাইকোর্টের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। পরে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

