logo

পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আটক শিক্ষার্থী নাজিম কারাগারে

পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আটক শিক্ষার্থী নাজিম কারাগারে
ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় একদল যুবকের হাতে মারধরের শিকার ও পরবর্তীতে পুলিশের কাছে আটক হওয়া শিক্ষার্থী মো. নাজিম উদ দৌলাকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে।

বনানী থানার একটি সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আসামি হিসেবে শুক্রবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

​এদিন আদালতে আসামি নাজিম উদ দৌলার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তিনি জানান, তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নাজিম উদ দৌলাকে মব করে মেরে একদল সন্ত্রাসী তাকে পুলিশে ধরিয়ে দেয়। তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানী থানাধীন ১১ নম্বর ও ৬ নম্বর রোডের সংযোগস্থলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় হওয়া মামলার আসামি হিসেবে গতকাল তিতুমীর কলেজ এলাকা থেকে নাজিম উদ দৌলাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। নাজিম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জাদু চর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার টেকনোপাড়া এলাকায় বসবাস করছিলেন।

​পুলিশের আটক রাখার আবেদন থেকে জানা গেছে, গতকাল তিতুমীর কলেজ প্রাঙ্গণে আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে নাজিম আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। পরে আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই কামাল হোসেন আসামিকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।