logo

দুদকের মামলায় কারাগারে ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান

দুদকের মামলায় কারাগারে ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ আত্মসাৎ মামলায় ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান অপরূপ চৌধুরীসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এই মামলার প্রধান আসামি সাবেক ভূমিমন্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আত্মসমর্পণ করা আসামিরা হলেন—অপরূপ চৌধুরী এবং ব্যাংকের ইন্ডিপেন্ডেট পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান। তারা দুজনই এ মামলার এজাহারভুক্ত আসামি।

এর মধ্যে অপরূপ চৌধুরী বাগেরহাটের সাবেক প্রশাসক ও পরবর্তীতে সচিব ছিলেন। তিনি ইউসিবি ব্যাংকের ইন্ডিপেন্ডেট পরিচালক ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তখন আলোচনা হয়েছিল ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাইফুজ্জাম চৌধুরী জাবেদের পরিকল্পনায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী রাশেদুল আলম বলেন, যে সময়ে এই অর্থ আত্মসাতের কথা মামলায় বলা হয়েছে, তখন আসামিরা দায়িত্বে ছিলেন না। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এজাহার দাখিল করা হয়। গত ৭ জানুয়ারি আদালত মামলার এজাহার গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মালামাল ক্রোকের নির্দেশ দেন।