বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়েছে।
রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
রিট আবেদনকারীর দাবি অনুযায়ী, ড. এম এ কাইয়ুম বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং নির্বাচনী হলফনামায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি গোপন করেছেন। বাংলাদেশের সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তখন থেকেই নাহিদ ইসলাম এবং এনসিপি জোটের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছিল। কমিশন থেকে সন্তোষজনক প্রতিকার না পেয়ে তারা শেষ পর্যন্ত উচ্চ আদালতের দ্বারস্থ হলেন। ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক।