স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগী নারীসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগী নারীসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
গোপালগঞ্জ জেলা ও দায়রা আদালত। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রধান আসামিকে এক লাখ টাকা ও সহযোগী নারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও এক বছর ও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদায়কৃত অর্থ ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস এবং অপরাধে সহায়তাকারী একই গ্রামের কল্পনা বিশ্বাস। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী থানার তিলছড়া গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন উজ্জ্বল বিশ্বাস। তাকে সহযোগিতা করেন কল্পনা বিশ্বাস। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি দীর্ঘ প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ন্যায়বিচার পেয়েছে। অষ্টম শ্রেণির একটি অবুঝ শিশুকে যেভাবে লোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে বর্বরোচিত অপরাধ করা হয়েছিল, তা সমাজকে স্তম্ভিত করেছিল।

তিনি বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আসামিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নিখুঁতভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আদালত সার্বিক দিক বিবেচনা করে আসামিদের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আমরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট। এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং নারী ও শিশুদের নিরাপত্তায় একটি মাইলফলক হয়ে থাকবে।