logo

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, আদালত অবমাননার ব্যাখ্যা দিতে চান ১ মাস সময়

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, আদালত অবমাননার ব্যাখ্যা দিতে চান ১ মাস সময়
ব্যারিস্টার ফুয়াদ। ছবি: এশিয়া পোস্ট

আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তলবের পর ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার কথা ছিল ব্যারিস্টার ফুয়াদের।

এর আগে গত রোববার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে তাকে তলব করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করায় এর আগে আরও দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।