logo
Advertisement

শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পেছাল

এশিয়া পোস্ট নিউজ
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পেছাল
হাইকোর্টের ফটক। ছবি : গণমাধ্যম থেকে পাওয়া

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) ধার্য করেছেন হাইকোর্ট।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এই নতুন দিন নির্ধারণ করেন।

আজ মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার ধার্য দিন ছিল। তবে বিচারকাজ শুরুর পর রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া অ্যাটর্নি জেনারেল দেশের বাইরে অবস্থান করায় সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। আদালত রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী সোমবার রায় প্রকাশের নতুন দিন ঠিক করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে পাশবিক নির্যাতনের শিকার হয় আট বছর বয়সী শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর নির্মম নির্যাতন চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলার মূল আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

পরবর্তীকালে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুতি ও শুনানি শেষে হাইকোর্টে আজ রায় ঘোষণার কথা থাকলেও তা আগামী সোমবারে পেছানো হলো।