logo

১০ বছরের সাজা বাতিল চেয়ে ইনুর আপিল

১০ বছরের সাজা বাতিল চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু। ছবি: বাসস

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল চেয়ে আপিল করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।

সিফাত মাহমুদ বলেন, ইনুর বিরুদ্ধে মামলায় আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়। তবে অভিযোগগুলোর পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এ ছাড়া অভিযোগগুলো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না বলে দাবি করেন তিনি। এসব যুক্তিতে সাজা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।

চলতি বছরের ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন। তিনটি অভিযোগে তাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হলেও সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় মোট সাজা নির্ধারণ করা হয় ১০ বছর।

এদিকে ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। গত ৫ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের এ তথ্য জানান।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাতেও হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।