দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।
তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।


