সাবেক যুগ্ম সচিব জগলুল কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পিপার স্প্রে ব্যবহার করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় ১৭ নম্বর আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়তা হবে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারনামীয় ১১১ জন এবং অজ্ঞাতনামা ২৫০-৩০০ জন মারাত্মক অস্ত্রশস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান নেন এবং দিনভর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন। আসামিরা রাস্তার ওপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালিয়ে রাস্তা বন্ধ করে দেন এবং জনসাধারণের চলাচলে ও খালেদা জিয়া যেন সমাবেশে যোগদান করতে না পারেন সে জন্য ত্রাস সৃষ্টি করেন। কর্মসূচির অংশ হিসেবে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেন এবং আশপাশে বালুর ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে ব্যারিকেড তৈরি করেন।
খালেদা জিয়া বারবার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহার করেন। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।
.png)

