Advertisement

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

এশিয়া পোস্ট নিউজ
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ
ছবি : সংগৃহীত

তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে ওই অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, জরিমানার এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করতে হবে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, একই বিষয়ে জিপিএইচ ইস্পাত এর আগে হাইকোর্টে একটি রিট করে আদেশ পেয়েছিল। পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। ফলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন ছিল।

তিনি বলেন, এরপরও কোম্পানিটি নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চাইতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ ও বিচারাধীন কার্যক্রমের তথ্য গোপন করে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের দাবি ছিল, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।

পরে রাষ্ট্রপক্ষ দৃষ্টান্তমূলক অর্থদণ্ড আরোপের আবেদন জানালে আদালত তা গ্রহণ করেন। আদালত জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে পাঁচ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

এছাড়া আদালত নির্দেশ দেন, জরিমানার এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এ আদেশ বিচারব্যবস্থার প্রতি অসততা, তথ্য গোপন এবং আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি শক্ত বার্তা। একই সঙ্গে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন।