রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (১৯ আগস্ট) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।
জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়াসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা রিট মঙ্গলবার (১৮ আগস্ট) সরাসরি খারিজ করেন হাইকোর্ট। রিট খারিজের এক দিনের মাথায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদনটি করলেন।
আবেদন দায়ের করার বিষয়টি জানিয়ে ইউনুছ আলী আকন্দ সংবাদমাধ্যমকে জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট)। ভোটের এক দিন আগে তফসিল স্থগিত চেয়ে আবেদন করা হলো।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে।
ইউনুছ আলী আকন্দের করা রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৬ আগস্টের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। হাইকোর্টে গতকাল রিটটি সরাসরি খারিজ হয়।
এর আগেও ৭০ অনুচ্ছেদ নিয়ে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দেন। বেঞ্চের অপর বিচারপতি রিট খারিজ করে দেন।
পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠান, যা তৃতীয় বেঞ্চ হিসেবে পরিচিত। একই বছরের ১৮ মার্চ হাইকোর্টের একক বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।



