চার আসনের নির্বাচনি নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

বিএনপি প্রার্থীদের আনা কারচুপির অভিযোগ আমলে নিয়ে চার আসনের নির্বাচনি নথি ও সরঞ্জামাদি হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। আসনগুলো হলো রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪।
সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।
এর আগে, কুড়িগ্রাম-২ আসনে বিএনপির পরাজিত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন।
এদিকে, রোববার বিএনপি আরও দুই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে। আসনগুলো হলো রাজশাহী-৪ ও পাবনা-৪।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।