মানবতাবিরোধী অপরাধ: আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আকরাম খালাস

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান মো. আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন খান মো. আকরাম হোসেন। বৃহস্পতিবার আপিলের রায় ঘোষণার দিন ধার্য ছিল।
২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেন।
একই মামলায় খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে আপিল বিভাগ খান মো. আকরাম হোসেনকে খালাস দেন।