Advertisement

ডিপজলের নামে খালাতো ভাইয়ের মানহানি মামলা, তদন্তে ডিবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিপজলের নামে খালাতো ভাইয়ের মানহানি মামলা, তদন্তে ডিবি
মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই এ. ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করেন আজিজ।

মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি আদালত আমলে নিয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সফলতা, দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্শ্বান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার মানহানির চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজের বিরুদ্ধে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে অভিযোগ করা হয়, আজিজের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০ থেকে ১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেওয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে তাদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করে। তবে জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে পোস্ট দেন।

আজিজ দাবি করেন, ওই সম্পত্তির (নাভানা সিএনজি) মালিক তিনি নিজে। ডিপজল ওই সম্পত্তি দাবি করে তাকে সমাজে হেয় করতে চেয়েছে।

বাদী অভিযোগ করেন, ডিপজল শুধু ফেসবুক পোস্টে ক্ষ্যান্ত হননি। টেলিভিশন, বিভিন্ন পত্রিকায়, অনলাইন নিউজপোর্টালে বিষয়টি প্রচার করে। এতে তার সামাজিক সম্মানহানি, ব্যবসায়িক সুনাম ও কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে।