Advertisement

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

এশিয়া পোস্ট নিউজ
আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

​সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ রেখে আদালত তার মক্কেলকে জামিন দিয়েছেন।

আইনজীবী আরও জানান, এর আগেও হাইকোর্ট থেকে তিনি তিনটি মামলায় জামিন পেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করায় তা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন আছে।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।