বিরোধের জেরে যুবককে খুনের দায়ে এক পরিবারের ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধে জেরে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে খুনের দায়ে এক পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন, তার স্ত্রী হুরেনা খাতুন, তাদের ছেলে মো. রিয়াদ এবং জসিম উদ্দিনের ভাই আবদুর রশিদ ও তার স্ত্রী জুনাকি আক্তার।
এজাহার সূত্রে জানা যায়, আল আমিনকে ২০২৩ সালের ১৯ জুন খুনের ঘটনায় তার চাচা হাফিজুল ইসলাম পরদিন ২০ জুন ৫ জনকে আসামি করে মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জনের সাক্ষ্য নেন।
আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার সময় মামলার সব আসামি ও বাদী আদালতে উপস্থিতি ছিলেন। শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক ৫ আসামিকে সাজা দিয়েছেন।