টিটন হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এসএম আসলাম ওরফে সুইডেন আসলামকে আবারও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৩ নভেম্বর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ওই দফার রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে টিটন হত্যায় সুইডেন আসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হত্যার নেপথ্যের কারণ উদ্ঘাটন, পরিকল্পনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ মামলায় রনি, ভাঙ্গারি রনি, এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার বাদল, কাইলা বাদল ও শাহজাহানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১০ আগস্ট জামিনে মুক্তি পান খন্দকার নাঈম আহমেদ টিটন। এরপর তিনি বর্তমান ঠিকানায় বসবাস করছিলেন। রাজধানীর বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার বাদল, কাইলা বাদল, শাহজাহান, রনি ও ভাঙ্গারি রনির সঙ্গে তার বিরোধ চলছিল। গত ২৬ এপ্রিল এ বিরোধের কথা ছোট ভাই টিটন ফোনে তার বড় ভাইকে জানান।
এর দুই দিন পর, ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা সড়কে মোটরসাইকেলে এসে দুই অজ্ঞাতনামা অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান টিটন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।


