বনানী থানায় পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের

রাজধানীর বনানী থানায় করা মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের সাধারণ ডায়েরির (জিডি) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, জিডির তদন্তের বিষয়ে অনুমতির বিষয়ে শুনানির জন্য ছিল। পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। আদালত জিডির বিষয়ে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় জিডি করেন। তিনি উল্লেখ করেন, অতীত বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন তিনি। তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।
পিয়া আরও উল্লেখ করেন, সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সম্পূর্ণ মানবিক ও আইনসম্মত অবস্থান গ্রহণ করার পর গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও আপত্তিকর বার্তা পাচ্ছেন তিনি। এ ছাড়া অজ্ঞাত একাধিক ব্যক্তির কাছ থেকে হুমকিমূলক ফোনকল আসছে।
জিডিতে বলা হয়, প্রায় তিন মাস ধরে তিনি লক্ষ করছেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁকে বিভিন্ন স্থানে অনুসরণ করছেন। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁর বা পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও পুলিশি সুরক্ষা চেয়েছেন এই মডেল।
.png)






