এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস, জামিনে নেই আপত্তি

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে ভুক্তভোগী পরিবারের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মামলার বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে বাদীপক্ষ এ অবস্থান জানায়।
আদালতে বাদী জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানও আদালতে আপস-মীমাংসার বিষয়টি তুলে ধরে দুই আসামির জামিন আবেদন করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দফা রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এখন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জামিনে আপত্তি না থাকার বিষয়টি আদালতে জানানো হয়েছে। জামিনের বিষয়ে আদালতের আদেশ এখনো জানা যায়নি।
