খায়রুল হকের জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

বনানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হককে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। ফলে তার কারাগার থেকে মুক্তিতে আর বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১৭ আগস্ট) হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দিয়েছেন।
আইনজীবী অ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন সংবাদমাধ্যমকে জানান, চেম্বার জজের আদেশের পর খাইরুল হকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
আদালতে খাইরুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এর আগে গত ১০ আগস্ট এই হত্যাচেষ্টা মামলায় খাইরুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খাইরুল হকের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় গত ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন বহাল রাখেন। পরবর্তীতে তাকে বনানী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি এর আগেও অন্য সাতটি মামলায় জামিন পেয়েছিলেন।



