সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় ইমরানের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এদিকে আসামিপক্ষ গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করলেও শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৩ আগস্ট মোহাম্মদপুর থানাধীন বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালান। হামলাকারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বহু মানুষ গুলিবিদ্ধ হন এবং হতাহতের ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় ভিকটিম মো. ছালেমানের পায়ের রানে গুলিবিদ্ধ হন।
ওই ঘটনায় ভিকটিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। পরদিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মানি লন্ডারিং মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
.png)

