প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম নিয়মিত পরিচালনার বিষয়েও পরিকল্পনা নেওয়া হবে।
রোববার (২ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও পাঁচ দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার কাজ করছে। ইতিমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত উদ্যোগী ও পরিশ্রমী। যেসব মানুষ সহজে চক্ষু বিশেষজ্ঞের সেবা পান না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প একটি বড় সুযোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনআইএসের চেয়ারপারসন অধ্যাপক ডা. চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ জেলার চিকিৎসক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।
.png)

