ডিম খাওয়ার সময় ৫ ভুল অভ্যাস উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে

পুষ্টিকর খাবারের তালিকায় আমরা অনেকেই ডিমকে বেশ প্রাধান্য দেই। সহজলভ্য এই খাবারটি আমাদের প্রতিদিনের প্রোটিনের চাহিদার অনেকখানি পূরণ করে থাকে। কিন্তু ডিম খাওয়ার কিছু ভুল অভ্যাসে এটি আপনার উপকারের পরিবর্তে উল্টো ক্ষতি করতে পারে।
কিছু অসতর্কতা থেকে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই ডিমের পুষ্টিগুণ পেতে হলে খাওয়ার পাশাপাশি এর সংরক্ষণ ও রান্নার বিষয়েও সতর্ক থাকা জরুরি। জেনে নিন ডিম খাওয়ার ৫টি সাধারণ ভুল।
অতিরিক্ত ডিম খাওয়া
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। তবে প্রয়োজনের তুলনায় বেশি ডিম খেলে খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে।

কারও কারও ক্ষেত্রে অতিরিক্ত ডিম খাওয়ার কারণে পেট ফাঁপা ও হজমের অস্বস্তি দেখা দিতে পারে। তাই নিজের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী ডিম খাওয়া উচিত।
কাঁচা বা আধাসেদ্ধ ডিম খাওয়া
অনেকেই আধাসেদ্ধ ডিম খেতে পছন্দ করেন। কিন্তু কাঁচা বা ঠিকমতো রান্না না করা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে। এই ব্যাকটেরিয়া থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এর ফলে ডায়রিয়া, বমি, পেটব্যথা ও জ্বর দেখা দিতে পারে। তাই ডিম ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়াই নিরাপদ।

ডিমের কুসুম ফেলে দেওয়া
অনেকে কোলেস্টেরল বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশ খান। কিন্তু ডিমের কুসুমে ভিটামিন এ, ডি, ই, বি১২ ও কোলিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়া যায়। কুসুম বাদ দিলে আপনি এসব পুষ্টি থেকে বঞ্চিত হতে পারেন।

তবে যাদের কোলেস্টেরল বেশি বা হৃদরোগের ঝুঁকি আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত।
অতিরিক্ত তেল, মাখন ও চিজ দিয়ে ডিম রান্না করা
ডিম রান্নার সময় অতিরিক্ত তেল, মাখন, চিজ বা প্রক্রিয়াজাত মাংস ব্যবহার করলে খাবারে স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালরির পরিমাণ অনেক বেড়ে যায়। নিয়মিত এভাবে ডিম খেলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা কঠিন হয়ে যায়। তাই কম তেল ব্যবহার করে পোচ বা হালকা ভেজে খাওয়া ভালো।

ডিম সঠিকভাবে সংরক্ষণ না করা
ডিম দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে। আবার, রান্না করা ডিমও দীর্ঘ সময় বাইরে রাখা ঠিক না।

ডিম ফ্রিজে সংরক্ষণ করা উচিত। এর পাশাপাশি রান্না করা ডিমও দ্রুত খেয়ে নেওয়া উচিত। কেনার সময় ফাটা বা নোংরা ডিম এড়িয়ে চলা ভালো।


-9aabe1.jpg)