Advertisement

জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন জরুরি

এশিয়া পোস্ট ডেস্ক
জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন জরুরি
ছবি : সংগৃহীত

মানুষের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তবে এই ক্ষমতা সবার মধ্যে সমানভাবে থাকে না। কেউ জীবনের বড় বড় সিদ্ধান্তও খুব দ্রুত নিতে পারেন, আবার কেউ ছোটখাটো সিদ্ধান্ত নিতেও দীর্ঘ সময় দ্বিধায় ভোগেন। কেন এমন হয়?

আসলে সিদ্ধান্ত নেওয়ার মূল কাজটি করে আমাদের বুদ্ধি। আমাদের ভেতরের কাজকর্ম অনেকটা সংসদীয় ব্যবস্থার মতো। মন তথ্য ও চিন্তা সামনে আনে, চেতনা স্মৃতি ও অভিজ্ঞতা ধরে রাখে, বুদ্ধি সিদ্ধান্ত নেয়, আর মানুষের ব্যক্তিগত অহংকার সেই সিদ্ধান্তকে অনুমোদন দেয়। তাই বুদ্ধি পরিষ্কার ও স্থির না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে পড়ে।

এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা চিন্তা করি সব সিদ্ধান্ত আমরা নিজেরাই নিই। কিন্তু প্রকৃতপক্ষে সিদ্ধান্ত তৈরি হয় নানা পরিস্থিতি, অভিজ্ঞতা ও পরিবেশ একসঙ্গে মিলে যাওয়ার মাধ্যমে।

যেমন আকাশে রংধনু দেখা যায় তখনই, যখন সূর্যের আলো, বৃষ্টির ফোঁটা, সঠিক কোণ ও পর্যবেক্ষক - সব একসঙ্গে মিলে যায়। তেমনি জীবনের সিদ্ধান্তও অনেক পরিস্থিতির সমন্বয়ে তৈরি হয়।

মনে রাখবেন, শান্ত মন সিদ্ধান্তকে সহজ করে। যখন মন উদ্বেগ, ভয় বা অতিরিক্ত আবেগে ভরা থাকে, তখন বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত রাখা জরুরি।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে যা করতে পারেন

বিকল্প কমিয়ে আনুন: অতিরিক্ত অপশন মানুষকে দ্বিধাগ্রস্ত করে তোলে। নিজের লক্ষ্য পরিষ্কার করুন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় কিছু বিকল্প বেছে নিন।

ভালো-মন্দ লিখে ফেলুন: একটি কাগজে সিদ্ধান্তের সুবিধা ও অসুবিধা লিখে ফেলুন। এতে মনের জট কমে যায় এবং বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায়।

বিশ্বস্ত কারও পরামর্শ নিন: বন্ধু, শিক্ষক বা অভিজ্ঞ কারও মতামত অনেক সময় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নিজের ভাবনা ও দ্বিধা খোলামেলা বলুন।

আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে ভাবুন: অতিরিক্ত আবেগ সিদ্ধান্তকে ভুল পথে নিতে পারে। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সেটি ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করুন।

স্বাভাবিক থাকুন: সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনো কখনো পরিস্থিতির কারণে সিদ্ধান্ত বদলাতেও হতে পারে। তাই অতিরিক্ত চাপ না নিয়ে বাস্তবতাকে গ্রহণ করা প্রয়োজন।

সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু বুদ্ধি নয়, প্রয়োজন শান্ত মন, আত্মবিশ্বাস এবং বাস্তবতা বোঝার ক্ষমতা। ভুল সিদ্ধান্তও জীবনের অংশ। গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা থেকে শেখা এবং সামনে এগিয়ে যাওয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া