logo
Advertisement

প্রতিদিনের ৩০ মিনিটই বদলাতে পারে সন্তানের জীবন

এশিয়া পোস্ট ডেস্ক
প্রতিদিনের ৩০ মিনিটই বদলাতে পারে সন্তানের জীবন
ছবি : সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কী? এ প্রশ্নের জবাবে অনেকেই বলবেন টাকা, স্বর্ণ, জমি বা জ্ঞান। কিন্তু আসলে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। কারণ সময় একবার চলে গেলে তা আর কখনও ফিরে আসে না। টাকা আবার আয় করা যায়, সম্পদ আবার গড়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফেরত আসে না।

Advertisement

এই কারণেই সময়কে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বলা হয়। আর সেই সময়ের সবচেয়ে মূল্যবান অংশটি যদি পরিবারের জন্য রাখা যায়, তাহলে তার প্রভাব পড়ে সন্তানদের জীবনেও। অনেক বাবা-মা ভাবেন, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানো, ভালো খাবার দেওয়া বা প্রয়োজনীয় সবকিছু কিনে দেওয়াই যথেষ্ট। কিন্তু শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় বাবা-মায়ের উপস্থিতি।

মনোবিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন মাত্র ৩০ মিনিট মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে সময় কাটানো তার মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং আচরণে বড় পরিবর্তন আনতে পারে।


উপস্থিতিই সবচেয়ে বড় ভালোবাসা

শিশুরা সবসময় বড় কোনো আয়োজন চায় না। তাদের দরকার এমন সময়, যখন বাবা বা মা পুরো মনোযোগ নিয়ে তাদের পাশে থাকবেন। একসঙ্গে গল্প করা, খেলাধুলা, হাঁটতে যাওয়া, রান্নায় সাহায্য করা কিংবা বই পড়া খুব সাধারণ কাজ মনে হলেও এগুলো শিশুর মনে নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি তৈরি করে।

মনোবিজ্ঞানীরা বলেন, যখন কোনো শিশু নিয়মিত বাবা-মায়ের মনোযোগ পায়, তখন সে নিজের গুরুত্ব অনুভব করতে শেখে। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিকভাবে আরও স্থিতিশীল হয়ে ওঠে।

শিশুর আচরণেও আসে পরিবর্তন

অনেক সময় শিশুরা জেদ করে, কান্নাকাটি করে বা অকারণে বিরক্ত হয় শুধু মনোযোগ পাওয়ার জন্য। যদি প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় বাবা-মা শুধু সন্তানের জন্য রাখেন, তাহলে শিশুর এই অতিরিক্ত মনোযোগ পাওয়ার চাহিদা অনেকটাই কমে যায়।

গবেষণাতেও দেখা গেছে, যারা বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটায়, তাদের মানসিক সুস্থতা তুলনামূলক ভালো হয়। তারা বেশি হাসিখুশি থাকে, আত্মবিশ্বাসী হয় এবং সামাজিক সম্পর্কও ভালোভাবে গড়ে তুলতে পারে।

ছোট ছোট মুহূর্তই হয়ে ওঠে বড় স্মৃতি

অনেক বাবা-মা ব্যস্ততার কারণে ভাবেন, পরে সময় দেবেন। কিন্তু শিশুদের বেড়ে ওঠার সময় খুব দ্রুত চলে যায়। আজ যে শিশু বাবার সঙ্গে খেলতে চায়, কয়েক বছর পর হয়তো সেই সময় আর থাকবে না। তাই বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য আলাদা বড় আয়োজনের দরকার নেই। দরকার শুধু নিয়মিত উপস্থিতি।

প্রতিদিনের ছোট ছোট মুহূর্তই পরে সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়।

মানসিকভাবে শক্ত হওয়ার ভিত্তি

শিশুর মানসিক শক্তি শুধু কথায় তৈরি হয় না। এটি তৈরি হয় প্রতিদিনের সম্পর্ক, যত্ন আর সময়ের ভেতর দিয়ে। যখন কোনো শিশু অনুভব করে যে তার কথা শোনার মানুষ আছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সে নিরাপদ, তখন তার ভেতরে ধীরে ধীরে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা তৈরি হয়।

এই কারণেই বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিনের অল্প কিছু নির্ভেজাল সময় সন্তানকে মানসিকভাবে শক্ত করে তোলার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।

জীবনের ব্যস্ততার মাঝে সময় বের করা অনেকের জন্য কঠিন। কিন্তু দিনের মাত্র ৩০ মিনিটও একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সন্তানের সঙ্গে কাটানো সময় কখনও অপচয় নয়। বরং এটিই এমন একটি বিনিয়োগ, যার ইতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে তার মানসিক স্বাস্থ্য, আচরণ এবং ভবিষ্যতের ওপর থেকে যায়।

সূত্র: দ্য ইপোচ টাইম