১০ সেকেন্ডেই স্মৃতিশক্তি বাড়াতে পারবেন ৫ সহজ উপায়ে

আমরা অনেক সময় মনে করি ভালো স্মৃতিশক্তি পুরোপুরি জন্মগত বিষয়। কিন্তু গবেষণা বলছে, কিছু ছোট অভ্যাস বদলালেই স্মৃতিশক্তি আরও কার্যকর করা সম্ভব। আসলে স্মৃতি কাজ করে তিনটি ধাপে - সংবেদনশীল স্মৃতি, স্বল্পমেয়াদি স্মৃতি এবং দীর্ঘমেয়াদি স্মৃতি। এর মধ্যে স্বল্পমেয়াদি স্মৃতি আমাদের দৈনন্দিন কাজ, শেখা ও মনে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে এর ধারণক্ষমতা সীমিত।
এই সীমাবদ্ধতা মাথায় রেখে কিছু সহজ কৌশল ব্যবহার করলে স্মৃতি ধরে রাখা এবং মনে করা অনেক সহজ হয়ে যায়। চলুন জেনে নিই এমন পাঁচটি কার্যকর উপায়।
ফোন দূরে রাখুন
মোবাইল ফোন কাছাকাছি থাকলে মনোযোগ কমে যায়, এমনকি সেটি ব্যবহার না করলেও। কারণ মস্তিষ্কের একটি অংশ সবসময় ফোনের দিকে মনোযোগ দেয়। ফলে মনে রাখার ক্ষমতা কমে যায়। তাই মনোযোগ দরকার এমন কাজের সময় ফোন অন্য ঘরে বা দূরে রাখা ভালো।
মন শান্ত রাখুন
চিন্তা ও উদ্বেগ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে, যা স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। সহজ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা কিছুক্ষণ মনোযোগ দিয়ে নিঃশ্বাস নেওয়া মনকে শান্ত করতে সাহায্য করে এবং শেখার পরিবেশ তৈরি করে।
তথ্যকে ভাগ করে নিন
একসঙ্গে অনেক তথ্য মনে রাখা কঠিন। তাই তথ্যগুলো ছোট ছোট অংশে ভাগ করে নিলে মনে রাখা সহজ হয়। যেমন একটি বড় তালিকাকে কয়েকটি ছোট দলে ভাগ করলে তা সহজে মনে থাকে।
নিজেকে পরীক্ষা করুন
শুধু পড়লেই হয় না, মাঝে মাঝে নিজেকে যাচাই করা জরুরি। যা শিখেছেন, তা মনে করার চেষ্টা করুন বা কাউকে বুঝিয়ে বলুন। এতে স্মৃতি আরও শক্ত হয় এবং সহজে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে।
বিরতি নিন
একটানা অনেকক্ষণ পড়ার চেয়ে মাঝে বিরতি নিয়ে পড়া বেশি কার্যকর। এতে মস্তিষ্ক তথ্যগুলো ভালোভাবে সংরক্ষণ করতে পারে এবং দীর্ঘ সময় মনে রাখতে সাহায্য করে।
স্মৃতিশক্তি শুধু বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে না, বরং সঠিক কৌশল ব্যবহার করার ওপরও নির্ভর করে। প্রতিদিনের ছোট কিছু অভ্যাস পরিবর্তন করলেই মনে রাখার ক্ষমতায় বড় পরিবর্তন আনা সম্ভব।
সূত্র : আরটিই