আমরা যতটা ভাবি, ব্যায়ামে ততটা ক্যালোরি খরচ হয় না কেন

অনেকেই মনে করেন, বেশি নড়াচড়া মানেই বেশি ক্যালোরি খরচ, আর বেশি ক্যালোরি খরচ মানেই দ্রুত ওজন কমে যাওয়া। হিসাবটা সহজ মনে হলেও বাস্তবে বিষয়টি এতটা সরল নয়।
নতুন গবেষণা বলছে, ব্যায়াম করলে শরীর সবসময় প্রত্যাশিত পরিমাণ ক্যালোরি খরচ করে না। বরং শরীর নিজেই এক ধরনের সামঞ্জস্য তৈরি করে, যাতে মোট শক্তি খরচ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে।
এই কারণে অনেক সময় নিয়মিত ব্যায়াম করার পরও ওজন কমার পরিমাণ প্রত্যাশার তুলনায় কম হয়।
ব্যায়াম করলেও ওজন কমে কম কেন
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানোর মতো নিয়মিত ব্যায়াম করলেও ছয় মাসে গড়ে প্রায় ৩ থেকে ৪ পাউন্ড ওজন কমে।
এর একটি সাধারণ কারণ হলো- ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায়, ফলে অনেক সময় মানুষ অতিরিক্ত খেয়ে ফেলে। তবে এর বাইরেও আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যাকে বলা হচ্ছে এনার্জি কম্পেনসেশন।
এনার্জি কম্পেনসেশন কী
এই ধারণা অনুযায়ী, আপনি ব্যায়াম করে যত ক্যালোরি খরচ করেন, শরীর তার কিছুটা অংশ অন্য জায়গায় কমিয়ে দেয়।
ধরা যাক, একটি দৌড়ে ৫০০ ক্যালোরি খরচ হওয়ার কথা। কিন্তু বাস্তবে শরীর হয়তো অতিরিক্ত মাত্র ১৫০ থেকে ২০০ ক্যালোরি খরচ করে।
অর্থাৎ, শরীর বাড়তি কাজের জন্য অন্য জায়গায় শক্তি বাঁচানোর চেষ্টা করে।
শরীর কীভাবে এই সামঞ্জস্য করে
গবেষকরা বলছেন, শরীর বিভিন্নভাবে এই সমন্বয় করে থাকে:
- আপনি ক্লান্ত হয়ে কম নড়াচড়া করতে পারেন
- হাঁটার গতি কমে যেতে পারে
- দৈনন্দিন ছোটখাটো নড়াচড়া কমে যায়
এছাড়া শরীরের ভেতরেও কিছু পরিবর্তন হতে পারে:
- অপ্রয়োজনীয় নড়াচড়ায় শক্তি খরচ কমে
- হরমোনের কার্যক্রম কিছুটা কমে যেতে পারে
- শরীর একই কাজ কম শক্তি ব্যবহার করে করতে শিখে যায়
সবাই কি একইভাবে প্রতিক্রিয়া দেখায়? না, সবাই একভাবে প্রতিক্রিয়া দেখায় না।
গবেষণায় দেখা গেছে - কিছু মানুষ বেশি এনার্জি কম্পেনসেশন করে। আবার কিছু মানুষের ক্ষেত্রে এটি তেমন দেখা যায় না। যাদের শরীর আগে থেকেই বেশি শক্তি খরচ করে, তাদের মধ্যে এই সমন্বয় বেশি হতে পারে।
বিজ্ঞানীদের মধ্যে মতভেদ
সব গবেষক এই ধারণার সঙ্গে একমত নন। কিছু গবেষণায় দেখা গেছে, মানুষ যত বেশি সক্রিয় থাকে, তত বেশি ক্যালোরি খরচ হয়। অর্থাৎ এখানে সরাসরি সম্পর্ক রয়েছে।
তবে আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে, যখন শরীরে ক্যালোরির ঘাটতি থাকে, তখন মোট শক্তি খরচ একটি নির্দিষ্ট সীমায় গিয়ে থেমে যায়।
তাহলে ব্যায়ামের উপকার কী
ব্যায়াম হয়তো খুব দ্রুত ওজন কমাতে সাহায্য না-ও করতে পারে, তবে এর অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে:
- শরীরের ওজন স্থির রাখতে সাহায্য করে
- ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে
- কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
- শরীরের প্রদাহ কমায়
- দীর্ঘমেয়াদে রোগের ঝুঁকি কমায়
ব্যায়াম মানেই দ্রুত ওজন কমে যাবে—এই ধারণা পুরোপুরি সঠিক নয়। শরীর নিজেই একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, যার ফলে ক্যালোরি খরচের হিসাব সবসময় মিলতে চায় না।
তবে এর মানে এই নয় যে ব্যায়াম অপ্রয়োজনীয়। বরং নিয়মিত শারীরিক পরিশ্রম সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ওজন কমানোর জন্য শুধু ব্যায়ামের ওপর নির্ভর না করে, সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত জীবনযাপন একসঙ্গে অনুসরণ করাই সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র : ন্যাশনাল জিওগ্রাফিক